কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলন্ত প্রাইভেট কার থামিয়ে মাহমুদুল হক (৪৫) নামের এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহমুদুল হক জানান, রামু যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিনের অভিযোগ, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে লিয়াকত আলীর ভাই জায়েদ আলী, কিতাব আলী, ওয়াদুদ আলী ও তাঁদের সহযোগী মো. নাসেরসহ ছয়জন এ হামলা চালিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে গুলিবর্ষণের ঘটনায় লিয়াকত আলী ও তাঁর ভাই জায়েদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং ওই মামলায় লিয়াকত আলী বর্তমানে কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯:০৭:৫১ ২০ বার পঠিত #অপরাধ #কক্সবাজার #গুলি #ব্যবসায়ী #হামলা