কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় নিহত সেনাসদস্য তিতাস শেখের (২৭) মরদেহ শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় পৌঁছায়। লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং ২১টি গুলি ছুড়ে তাঁকে শেষবিদায় জানানো হয়।
আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!
নিহত তিতাসের স্ত্রী সুমাইয়া আক্তার এভাবেই আহাজারি করছিলেন। ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া তিতাস ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২১:০৭:১৬ ১৬ বার পঠিত #কক্সবাজার #গোলাগুলি #দাফন #নিহত #ফরিদপুর #বাংলাদেশ সেনাবাহিনী #সেনাসদস্য