ইরানের ওপর চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন কৌশল গ্রহণ করেছে। তেহরানের অস্ত্র সরবরাহ, সামরিক প্রযুক্তি পরিবহন এবং নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্যের পথ বন্ধ করতে ‘আয়রন গেট’ নামে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য নিয়ে গঠিত এই ইউনিটটি ফ্লোরিডার টাম্পা থেকে কার্যক্রম পরিচালনা করবে।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ৭ নভেম্বর এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন। নতুন এই ইউনিটটি মার্কিন সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অবৈধ পণ্য ও প্রযুক্তির চলাচল পর্যবেক্ষণ ও প্রতিরোধ করবে। অ্যাডমিরাল কুপার বলেন, এই উদ্যোগ সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে চলমান কঠোর অবরোধের সাফল্যকে আরও সুসংহত করবে।
ওয়াশিংটনের দাবি, চলমান নৌ-অবরোধের কারণে গত কয়েক মাসে ইরান ২৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে। নতুন টাস্ক ফোর্সের মাধ্যমে এখন স্থল ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক সরবরাহ নেটওয়ার্কের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। তবে মানবিক সহায়তাসামগ্রী পরিবহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সেন্টকম।
বাংলাদেশ সময়: ২৩:০২:১৪ ১ বার পঠিত #আন্তর্জাতিক সম্পর্ক #আয়রন গেট #ইরান #নিষেধাজ্ঞা #যুক্তরাষ্ট্র #সেন্টকম