
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান জানান, কারাগারে আটক থাকা দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় কারা কর্তৃপক্ষ তাদের আদালতে হাজির করতে পারেনি। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ অনেকে পলাতক আসামির তালিকায় রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে আছেন এবং ১০ জন জামিনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৬ ১৭ বার পঠিত #অভিযোগ গঠন #আদালত #ট্রাকচালক হত্যা #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #মোহাম্মদপুর থানা #শেখ হাসিনা