
যুক্তরাষ্ট্রে অতি সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির ৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ৩ হাজার ৯০০টি হামের কেস শনাক্ত হয়েছে। দেশটির ইতিহাসে হামের এমন প্রাদুর্ভাবকে নজিরবিহীন বলছেন বিশ্লেষকেরা। গত সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কে নতুন করে ১০৯টি হামের কেস শনাক্ত হওয়ার পর অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। এদিকে পেনসিলভেনিয়ায় গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি সপ্তাহে অঙ্গরাজ্যটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। পেনসিলভেনিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর কথা জানালেও ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র গত আগস্টে পেনসিলভেনিয়ার হামে মৃত্যুর তথ্যটি ‘মনগড়া’ বলে দাবি করেন এবং মৃত্যুর হিসাব গণনার পদ্ধতি পরিবর্তনের জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) নির্দেশ দেন। এইচএইচএস-এর একজন মুখপাত্র দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানান, টেক্সাস, দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ক্যানসাস, নিউ মেক্সিকো এবং উইসকনসিনে এপিডেমিক অ্যাসিস্ট্যান্স ইনভেস্টিগেশন টিম মোতায়েনসহ সারাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে সিডিসি। প্রয়োজন হলে নিউইয়র্কেও মহামারি বিশেষজ্ঞ পাঠাতে প্রস্তুত তারা। হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। এতে তীব্র জ্বর, শরীরে র্যাশ বা ফুসকুড়ি, কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর হলে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ এমনকি মৃত্যুও হতে পারে। আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে হামের ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির নিঃসৃত ক্ষুদ্র কণা বাতাসে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকার দুটি ডোজ অত্যন্ত কার্যকর এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।
বাংলাদেশ সময়: ৭:১৮:৩৯ ২১ বার পঠিত #জরুরি অবস্থা #টিকা #নিউইয়র্ক #যুক্তরাষ্ট্র #রোগ #স্বাস্থ্য #হাম