পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) আইড়ল বাজারে দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনার সূত্র ধরে এই উত্তেজনার সৃষ্টি হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জিয়াউল হক বকুলের পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:০৯:২৯ ৯ বার পঠিত #আইনশৃঙ্খলা #আহত #বিজয়নগর #ব্রাহ্মণবাড়িয়া #সংঘর্ষ