মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
রবিবার, ১০ মে ২০২৬



ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মামলা গ্রহণ করার মতো ‘উপাদান না থাকায়’ বৃহস্পতিবার (৭ মে) বিকালে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের প্রসেস সার্ভার শাহাদাত হোসেন।

এদিন সকালে মামলার আবেদন করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন। পরে বিকালে বিচারক মামলার আবেদন খারিজ করে আদেশ দেন।

আবেদনে আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল, তারা হলেন— ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান, রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা)।

আবেদনে বলা হয়েছিল, প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গত বছরের ২১ জুলাই স্কুলে গিয়েছিল। সেদিন দুপুর ১টা ১৮ মিনিটের দিকে আসামিদের সরাসরি দায়িত্বে ও তত্ত্বাবধানে থাকা ত্রুটিযুক্ত প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআইকে উড্ডয়নের আদেশ দেওয়া হয়। নবীন পাইলট একা ওই যুদ্ধবিমান উড্ডয়ন করলে ‘ত্রুটিজনিত কারণে’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।

এতে ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষিকা, তিনজন অভিভাবক এবং একজন পরিচালকসহ ৩৫ জন মারা যায়। এছাড়া ১৭২ জন অগ্নিদগ্ধ হয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন বলে মামলার আবেদনে বলা হয়।

এতে এও বলা হয়, প্রতিষ্ঠানটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এবং ভবনটি যথাযথ বিধি মোতাবেক নির্মাণ না করায় উদ্ধার কাজে চরম ব্যাঘাত ঘটে। এ কারণে উদ্ধার কর্মীরা উদ্ধার কাজে সহায়তা শুরু করলেও হাসপাতালে নেওয়ার আগেই শিক্ষার্থীরা মারা যায়।

বাংলাদেশ সময়: ০:০৬:১৭   ১২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় আফজাল নাসের ফের ৩ দিনের রিমান্ডে
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন
রুবেল হত্যা ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার রিমান্ডে, জামিন নাকচ সাহাবুদ্দিন আজমের
দুর্নীতির মামলা তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
রিমান্ড শেষে কারাগারে ঢাবি শিক্ষক সুদীপ
জামিন পাননি সাবেক সংসদ সদস্য মমতাজ
সাবেক এমপি বুবলী ফের গ্রেফতার
ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ