মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য করে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে।

প্রথম পাতা » আদালত সংবাদ » সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য করে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে।
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



---

এম,এন, উদ্দিন তিজো, চট্টগ্রাম কোর্ট প্রতিনিধি: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য করে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞ বিচারকমন্ডলি, সাংবাদিক, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ র‌্যালিতে অংশ নেন।

জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম।

তিনি বলেন, আইনগত সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কিছু ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে প্রি-কেস মিডিয়েশন ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন কার্যক্রম পরিচালনা এবং সরেজমিনে তদারকির মাধ্যমে বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও কার্যকর ফলাফল পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইনগত সহায়তা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সহজীকৃত হেল্পলাইন নম্বর ১৬৬৯৯ চালু করা হয়েছে, যা পূর্বের তুলনায় আরো ব্যবহার বান্ধব। এ নম্বরটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নোটিস বোর্ডে তা প্রদর্শনের আহ্বান জানান।

সভায় ২০২৫ সালের লিগ্যাল এইডের কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে কয়েকজন উপকারভোগী  প্রাপ্ত সেবার বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ডিসি প্রসিকিউশন হাছানুল্লাহ চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:০৩:১২   ১৮ বার পঠিত