
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জেরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে। কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তা ঝুঁকিতে এসব ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট বাতিলের ফলে সংশ্লিষ্ট দেশে গমনেচ্ছু বাংলাদেশিরা ভোগান্তিতে পড়েছেন। তারা আটকা পড়েছেন বিমানবন্দরে। শনিবার রাত থেকেই কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়ায় তখন থেকেই আটকা পড়েন যাত্রীরা।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, দুপুর ১২টা পর্যন্ত ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ রোববার সরজমিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায়, বিমানবন্দরের টার্মিনালগুলোর সামনে শতশত যাত্রী লাগেজসহ মালপত্র নিয়ে অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। যাত্রীদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনরাও অপেক্ষা করছিলেন। তারা জানেন না, কবে নাগাদ তাদের ফ্লাইট চালু হবে কিংবা আদৌ তারা যেতে পারবেন কিনা। অন্যদিকে, বিভিন্ন এয়ারলাইনসের নোটিশ ঝুলছিলো টার্মিনালের মূল ফটকের পাশে। সেখানে ফ্লাইট বন্ধের বিষয়ে যাত্রীদের জানানো হয়েছে।
ওদিকে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। সরকারের তরফে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, আটকে পড়া যাত্রীদের ২৪ ঘণ্টার সেবা দিতে হটলাইন চালু করা হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার আটকে পড়া যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজও যারা আটকা পড়বেন, তাদেরও থাকা–খাওয়ার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৫৯ ১৭ বার পঠিত