![]()
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। এই ঘটনায় সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান তারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এই বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এসময় তারা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে গত সোমবার ইউনুস বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আত্মসমর্পণের পর বিচারক এস এম শরিয়ত উল্লাহ তার জামিন মঞ্জুর করেন।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবালু বলেন, যেখানে বিস্ফোরক মামলায় মানুষ জনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আসলেন এবং জামিন পেয়ে চলে গেলেন। তাই অবিলম্বে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করেন তারা।
তবে মঙ্গলবার বেলা ২টায় অ্যাডভোকেট বাবলু গণমাধ্যমকে জানান, বিষযটি নিয়ে আইনজীবী সমিতি ও বিচারকদের মধ্যে আলোচনা চলছে। যে কারণে অনির্দিষ্টকাল আদালত বর্জনের বিষয়টি নিশ্চিত নয়।
মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম বলেন, ‘তালুকদার ইউনুসের জামিনের বিরোধিতা করেছি। কিন্তু বিচারক জামিন আদেশ দেওয়ায় করণীয় ছিল না।’
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইউম খান কায়সার জানান, তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে মাত্র একটি মামলা ছিল। নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি ২০২৫ সালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০১৭ সালে বিএনপির কর্মসূচিতে হামলা ও তাকে আহত করার অভিযোগ করা হয়। ওই মামলায় হুকুমের আসামি হিসেবে তালুকদার ইউনুসের নাম ৩ নম্বরে ছিল। অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫২ ১৪ বার পঠিত