‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্রী আটক

প্রথম পাতা » অপরাধ » ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্রী আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্রী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ইশতেহারের দোহাই দিয়ে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিপুল পরিমাণ ছাপানো অবৈধ ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনা।

ভুক্তভোগীরা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই রাসেল ও তার স্ত্রী কাশিপুর ইউনিয়নের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় প্রচার শুরু করেন। তারা নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে ‘জিসান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সহজ-সরল নারীদের কাছে টাকার বিনিময়ে এই ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি করেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে তারা কমপক্ষে ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা দরে একেকটি কার্ড বিক্রি করেছেন।

তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এই কার্ড দেখালে প্রতি মাসে ১ হাজার ২৮৫ টাকায় চাল, ডাল, তেল, মাংসসহ বিভিন্ন পণ্য কেনা যাবে। সোমবার সকালে তাদের ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও কার্ড নেওয়া ক্রেতারা পণ্য পাননি। একপর্যায়ে তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। পরে ভুক্তভোগী নারীরা একত্রিত হয়ে অভিযুক্ত জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

জুলেখা বেগম নামে এক ফ্যামিলি কার্ড ক্রেতা বলেন, ‘আমাদের বলা হয়েছিল সরকারিভাবে কোম্পানি থেকে এসব কার্ড দেয়া হচ্ছে। আমরা সকাল ১০টা থেকে অপেক্ষা করছি। কার্ড দেবে বলে বসিয়ে রাখে। পরে তাকে ফোন দিলে ফোনও ধরেনি।’

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, ‘রাসেল ওরফে জিলানি নামে কাউকে আমি চিনি না। সে আমাদের দলের কেউ না। যে এই ফ্যামিলি কার্ড বিক্রি করছে, নিঃসন্দেহে সে একজন প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেয়া উচিত। আমরা দলের ভাবমূর্তি নষ্ট হতে দিব না।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, অভিযুক্ত রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনাকে আটক করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিপুল পরিমাণ ছাপানো অবৈধ ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৫:৩৬   ২২০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ