২৫ মন্ত্রী ও ২৪ উপমন্ত্রীর শপথ, ৪১ জনই নতুন মুখ তারুণ্যনির্ভর মন্ত্রিসভা

প্রথম পাতা » জাতীয় » ২৫ মন্ত্রী ও ২৪ উপমন্ত্রীর শপথ, ৪১ জনই নতুন মুখ তারুণ্যনির্ভর মন্ত্রিসভা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



তারুণ্যনির্ভর মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। পিতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিরল রেকর্ড গড়লেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। এ ছাড়া মন্ত্রী মর্যাদায় ৫ জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেশির ভাগই বয়সে তরুণ। ৪১ জনই এবার প্রথম মন্ত্রী হয়েছেন। তবে চারদলীয় জোট সরকারে দায়িত্ব পালন করা কয়েকজন সিনিয়র নেতাকে না রাখা হলেও ঠাঁই পেয়েছেন ক্লিন ইমেজধারীরা। সকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র ২০৯ জন সংসদ সদস্য শপথ নেন। এবারই প্রথম সংসদ ভবনের দক্ষিণপ্লাজার উন্মুক্ত স্থানে শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান প্রেসিডেন্ট  মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা সরকারের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধি ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তবে সংসদের বিরোধী দল জামায়াত জোটের কোনো প্রতিনিধি মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাননি।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এ ছাড়া বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ইকবাল হাসান মাহমুদ টুকুকে এবার প্রমোশন দিয়ে পূর্ণমন্ত্রী করা হয়েছে। যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আইনমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অ্যাটর্র্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে। টেকনোক্রেট কোটায় তিনজনকে মন্ত্রী করা হয়েছে। এরমধ্যে চমক হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান। অভিজ্ঞ এই কূটনীতিককে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচনে পরাজিত হয়েও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক। এ ছাড়া কুমিল্লার হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে ২২ জন এবারই প্রথম এমপি হয়েছেন। তারা সবাই উচ্চশিক্ষিত ও ক্লিন ইমেজধারী। এদিকে মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেলের মতো নেতারা।

বাংলাদেশ সময়: ০:৫৮:৪২   ৯৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
সচিব কমিটির সুপারিশ সরকারি চাকরিজীবীর বেতন ১০০% পর্যন্ত বাড়তে পারে
একযোগে ৩৮ বিচারককে বদলি
পিতা-মাতার ভরণপোষণ না করলে বিদ্যমান আইনে কী শাস্তি
পে-স্কেল নিয়ে নতুন জল্পনা, গেজেট নিয়ে যা জানা গেলো
অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অনুসন্ধান চান সালাহউদ্দিন
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ