![]()
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এ ভোটকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর দেশে পরপর তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এসব নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল সীমিত, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন বয়কটও করেছিল।
প্রায় দেড় দশক ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। তবে ২০২৪ সালের অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন পক্ষের মতে, ২০০৯ সালের পর এবারই প্রথম তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আসন্ন ভোটে বিএনপির জয়ের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে। তবে দলটির সামনে জামায়াতে ইসলামি বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা তরুণভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোটে গেছে বলেও জানায় রয়টার্স।
দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তিনি জানিয়েছেন, নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে তার দল আত্মবিশ্বাসী।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের এই দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আগামী সময়ে এশিয়ার দুই প্রভাবশালী দেশ—চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গতিপথও অনেকাংশে নির্ভর করবে এই নির্বাচনের ফলাফলের ওপর।
রয়টার্স আরও উল্লেখ করেছে, এবারের নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ তরুণ প্রজন্ম। মোট ভোটারের প্রায় ২৫ শতাংশই ‘জেন-জি’ হিসেবে পরিচিত। তাদের পছন্দ, অংশগ্রহণ ও ভোটের সিদ্ধান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:৫১:৪৩ ৪৯ বার পঠিত