জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ নিয়ে বিতর্ক

প্রথম পাতা » বিনোদন » জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ নিয়ে বিতর্ক
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ নিয়ে বিতর্ক

গত ২৯শে জানুয়ারি ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম। অনেকেরই ধারণা ছিল- এবারের পুরস্কারটি হবে আরও স্বচ্ছ, সুন্দর ও বিতর্কমুক্ত। তবে ঘোষণার পর থেকেই দু’টি বিষয় নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

প্রথমত, ‘রক্তজবা’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে সংশ্লিষ্ট ছবির পরিচালকের নাম ঘোষণা করা হয়েছে। যদিও সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন পরিচালক নিয়ামুল মুক্তা। কারণ ছবির চিত্রনাট্যকার তিনি নন। অথচ তাকেই সেরা চিত্রনাট্যকার হিসেবে ঘোষণা করা হলো!

দ্বিতীয়ত,আজীবন সম্মাননা নিয়ে এবার বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শর্তের ১ (খ)-তে রয়েছে, আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনা করা হবে। কিন্তু ২০২৩ সালের আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে দু’জন প্রয়াতকে।

২০২৩ সালের পুরস্কারের জন্য গঠিত জুরিবোর্ডের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আজীবন সম্মাননার জন্য তারা শবনম ও ইলিয়াস জাভেদের নাম প্রস্তাব করেছিলেন। নাম দু’টির ব্যাপারে কোনো সদস্যেরই আপত্তি ছিল না। যদিও এর মধ্যে সম্প্রতি ইলিয়াস জাভেদ মারা গেছেন। তবে জুরিবোর্ডের সম্মতির পরও সেই দু’টি নাম রাখা হয়নি পুরস্কারের তালিকায়। গত বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রাপকদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সচিব মাহাবুবা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আবদুল লতিফ বাচ্চু। এর মধ্যে তারেক মাসুদ ২০১১ সালের ১৩ই আগস্ট এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে, আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন চলতি বছরের ৪ঠা জানুয়ারি। এমন ঘোষণায় জুরিবোর্ডের সদস্যরা খোদ তাজ্জব বনে গেছেন! বিষয়টি নিয়ে জুরিবোর্ড সদস্য এস এম ইমরান হোসেন বলেন, যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারাও গুণী মানুষ। বেঁচে থাকতেই তাদের এই পুরস্কার পাওয়া উচিত ছিল। কিন্তু আজীবন সম্মাননা জীবিত আছেন, এমন গুণিজনদেরই দেয়া হয়। সেটাই নিয়মে রয়েছে। সরকার চাইলে মরণোত্তর একটি পুরস্কার চালু করতে পারে। সেজন্য পুরস্কারের নীতিমালা কিছুটা পরিবর্তন করতে হবে।

জুরিবোর্ডের আরেক সদস্য চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতা এ বিষয়ে বলেন, আমরা আজীবন সম্মাননার জন্য শবনম ও ইলিয়াস জাভেদের নাম প্রস্তাব করেছিলাম। সবাই এতে সম্মত হন। এরপর তো প্রায় এক বছর পার হয়েছে। পরে দেখলাম অন্য দু’জনের নাম ঘোষণা করা হয়েছে। যাদের নাম এসেছে, তারাও সম্মানিত। কিন্তু নিয়মে যেহেতু নেই, বিষয়টা অন্য কোনোভাবেও করা যেত।

বাংলাদেশ সময়: ১১:০৫:৩৮   ১৮১ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
লাইভে এসে বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে টিকটকার প্রিন্স মামুন
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’
প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন
প্রতারণা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে
ইকরার মৃত্যু: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

Law News24.com News Archive

আর্কাইভ