চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত এই সময় বাড়িয়েছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ মারা যান। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে তার পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ তোলে।
মামলার বর্তমান অভিযোগে সালমান শাহর স্ত্রী সামীরা হক, লতিফা হক লুছি, আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩:৫৬:৫৬ ১৯ বার পঠিত #আদালত #ঢাকা #তদন্ত প্রতিবেদন #বিনোদন #মামলা #সালমান শাহ