পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধের দাবিতে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধের দাবিতে রিট
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধের দাবিতে রিট

পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যয় থেকে এক শতাংশ সারচার্জ আদায় বন্ধের দাবিতে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চে (এনেক্স-২৪) পিটিশনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন। রিটে বাদী হয়েছেন সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী এ কে এম আজাদ।

এর আগে আইনি পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠায় সিসিএস। আইনি নোটিশে প্রতিষ্ঠানগুলো সাত দিনের মধ্যে সারচার্জ বন্ধ করার দাবি জানায় সিসিএস।

নোটিশে বলা হয়, পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন ব্যবহারকারীদের থেকে মোবাইলে খরচের ওপর এক শতাংশ সারচার্জ চালু রয়েছে। ২০১৬ সালে ওই সারচার্জ আরোপ করা হয় যা বর্তমানে অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এই সারচার্জের মাধ্যমে ভোক্তাদের থেকে দুই হাজার (২০০০) কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। কিন্তু ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করা হলেও মোবাইল ফোনে সারচার্জ কর্তন বন্ধ করা হয়নি।

নোটিশে আরও বলা হয়, পদ্মা সেতু নির্মাণে ভোক্তাদের থেকে সারচার্জ কর্তনের জন্য ২০১৫ সালে ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন’ করে সরকার। ওই আইনের অধীনে ২০১৬ সালের ১০ মার্চ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সারচার্জ আদায় শুরু করে সরকার। তবে আইনের ৪নং ধারায় বলা হয়েছে, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, তৎকর্তৃক আরোপিত শর্তে ও নির্ধারিত মেয়াদে উন্নয়ন সারচার্জ আদায় করতে পারবে। কিন্তু প্রজ্ঞাপনে কোনো মেয়াদ নির্দিষ্ট না করেই সারচার্জ আদায় শুরু হয়। ফলে সারচার্জ আদায় ৯ বছর চললেও তা বন্ধে কোনো পদক্ষেপ নেই। যা আইনের সঙ্গে সাংঘর্ষিক।

পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ায় এবং মেয়াদ নির্দিষ্ট না করে বেআইনিভাবে সারচার্জ আদায়ের মাধ্যমে ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। ফলে ভোক্তা অধিকার সংস্থা হিসেবে সিসিএস এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিসিএস।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪০   ১৭৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ