রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে শুরু হতে পারে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর মামলার ১ নম্বর আসামি সোহেল রানা কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। রামিসার বাবার দায়ের করা মামলায় ২১ মে সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ২৫ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়। সবশেষে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই মামলার রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩:৩০:৪২ ১৩ বার পঠিত #আদালত সংবাদ #আপিল শুনানি #ডেথ রেফারেন্স #পল্লবী #মৃত্যুদণ্ড #শিশু রামিসা হত্যা #হাইকোর্ট