১৭ অক্টোবর থেকে বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ১৭ অক্টোবর থেকে বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



১৭ অক্টোবর থেকে বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত গণহত্যার অভিযোগের বিচারের জন্য আগামী ১৭ অক্টোবর থেকে বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন। সেদিন থেকে বিচারকাজ শুরু হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কয়েকটি আবেদন করবো।

এর আগে নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ও দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৪ অক্টোবর হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আইন সচিব শেখ আবু তাহেরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ (১৯৭৩ সালের আইন নং ২১)-এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীকে ওই ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৬   ২৬৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

Law News24.com News Archive

আর্কাইভ