রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। কিছু এলাকায় মৌখিকভাবে সতর্ক করা ও নির্দেশনা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পটভূমিতে কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকায় এ কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নেওয়া হলেও মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক ও নির্দেশনা দেওয়া হচ্ছে। অঙ্গীকারনামায় ভবনের ছাদে তালা লাগানো, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজর রাখা এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণের মতো নিরাপত্তামূলক দায়িত্ব পালনের শর্ত দেওয়া হয়েছে। শর্ত লঙ্ঘন বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:০৯:৩৪ ৩৫ বার পঠিত #কেপিআই #ঢাকা #নাশকতা প্রতিরোধ #নিরাপত্তা #পুলিশ #মেট্রোরেল