শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



ফেনীর দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বাসু (২১), জহিরুল হক (৩০), জুয়েল (৩৬), আমজাদ হোসেন (৩৫), মোশাররফ হোসেন (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় সওদাগর (২৫), রুবেল (৩০), আবুল বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১), মেহেদী হাসান (২৮), ফয়সাল (৩০) ও শিবলু (৩২)।

আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত বাসুর বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সংঘর্ষটি ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীদের মধ্যে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামশেদুর রহমানের অনুসারীরা যুবদলের একটি বৈঠকে যাওয়ার পথে আলাইয়ারপুর গ্রামের সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে হামলার শিকার হন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসি বেগম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি।

বাংলাদেশ সময়: ৯:৪১:২৬   ৩৯ বার পঠিত   #  #  #  #  #  #