গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২৩ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী।
মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যাওয়ার পথে উপজেলার নিলফা বাজারে একদল লোক সড়কে গাছ ফেলে বিজিবির পথ আটকে দেয়। বিজিবি সদস্যরা সরে যেতে অনুরোধ করলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান গুরুতর আহত হন। এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০টি গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে যায়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শুকুর আলী জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, একই ঘটনায় ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ পৃথক একটি মামলা করেছে, যেখানে ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১:৫৮:০৭ ২৩ বার পঠিত #অগ্নিসংযোগ #গোপালগঞ্জ #ছাত্রলীগ #টুঙ্গিপাড়া #বিজিবি #মামলা #হামলা