
সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়লেও পাকিস্তানের ব্যবসায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। অর্থনৈতিক চাপ, ভূরাজনৈতিক উত্তেজনা ও নীতিগত অনিশ্চয়তার কারণে দেশটিতে ব্যবসায়ীদের আস্থায় বড় ধরনের পতন ঘটেছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বেড়েছে আরও বেশি। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ওভারসিজ ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওআইসিসিআই) মঙ্গলবার প্রকাশিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সরাসরি বিদেশি বিনিয়োগ ২২ শতাংশ বেড়ে ৯৩ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ বিনিয়োগের পরিমাণ ছিল ৭৬ কোটি ৪০ লাখ ডলার। তবে সেপ্টেম্বর ও অক্টোবরে দেশজুড়ে পরিচালিত জরিপে দেখা গেছে, ব্যবসায়ীদের সামগ্রিক আস্থা সূচক ৩৬ শতাংশ পয়েন্ট কমেছে। আগের জরিপে ধনাত্মক ১৩ শতাংশে থাকা সূচকটি এবার ঋণাত্মক ২৩ শতাংশে নেমে এসেছে। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ওআইসিসিআইয়ের সদস্যদের আস্থা সূচক কমেছে ৫৫ শতাংশ পয়েন্ট। ধনাত্মক ২৮ শতাংশ থেকে কমে তা ঋণাত্মক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্ব করে। ব্যবসায়ীদের উদ্বেগের পেছনে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানির উচ্চমূল্য, মূল্যস্ফীতি, নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারি নীতির অনিশ্চয়তা। কিছু সামষ্টিক অর্থনৈতিক সূচকে উন্নতি দেখা গেলেও ব্যবসার পরিবেশে তার উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। খাতভিত্তিক হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসায় আস্থা সূচক কমেছে ৪৫ শতাংশ পয়েন্ট। উৎপাদন খাতে কমেছে ৩৪ শতাংশ পয়েন্ট এবং সেবা খাতে ৩১ শতাংশ পয়েন্ট। বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও শঙ্কা
জরিপে নতুন মূলধনি বিনিয়োগের প্রত্যাশাসংক্রান্ত সূচক ১৬ শতাংশ পয়েন্ট কমে ঋণাত্মক ১৪ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে কর্মসংস্থানের প্রত্যাশাসংক্রান্ত সূচক ২৩ শতাংশ পয়েন্ট কমে ঋণাত্মক ৬ শতাংশে নেমেছে। জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ ব্যবসায়ী গত ছয় মাসের ব্যবসায়িক পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। আগামী ছয় মাসে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে মনে করেন ৪৪ শতাংশ ব্যবসায়ী। বিপরীতে উন্নতির আশা করছেন মাত্র ২৩ শতাংশ। ওআইসিসিআইয়ের প্রধান উমর আহসান খান বলেন, ব্যবসায়ীদের আস্থা ফেরাতে স্থিতিশীল নীতি, প্রতিযোগিতামূলক করব্যবস্থা এবং সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। নতুন বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আস্থা ফিরিয়ে আনা জরুরি। সংগঠনটির মহাসচিব এম আবদুল আলিমও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। news24bd.tv /DHL
বাংলাদেশ সময়: ৯:৪২:৫৪ ৪৬ বার পঠিত #অর্থনৈতিক #অস্থিরতায় #আস্থায় #পাকিস্তানে #বিনিয়োগকারীদের