এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বুধবার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহেমদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন। চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন পাস করেছেন এবং ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষা শেষ হওয়ার আগেই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৭ ২৯ বার পঠিত #আপিল #এইচএসসি #বিশ্ববিদ্যালয়ে #ভর্তি পরীক্ষা #শিক্ষা #সুপ্রিমকোর্ট #হাইকোর্ট