একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি ওই রায়কে বিচারিক অবিচার বা ‘মিসক্যারেজ অব জাস্টিস’ হিসেবে অভিহিত করে বলেছেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে শেরপুরের আমিনুজ্জামান ফারুকসহ তিনজনের আপিল শুনানিতে তিনি এ মন্তব্য করেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছেন। এর আগে, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। পরবর্তীতে সরকার আইন সংশোধন করে সুপ্রিম কোর্টে আপিল করলে আপিল বিভাগ তাকে মৃত্যুদণ্ড দেন এবং একই বছরের ১২ ডিসেম্বর তা কার্যকর করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৩০:১৪ ২৫ বার পঠিত #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #আব্দুল কাদের মোল্লা #প্রধান বিচারপতি #বিচারিক রায় #যুদ্ধাপরাধ #সুপ্রিম কোর্ট