ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা বাড়ির নিচতলার তিনটি কক্ষ ও সামনে থাকা একটি পিকআপের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাড়িতে অবস্থান করা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী অজ্ঞাতনামা ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনে খাট, সোফা, চেয়ার ও টেবিল পুড়ে গেছে। তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন। গত বছর ১২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া চলতি বছরের ১১ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ১৭:২৭:১৩ ২২ বার পঠিত #অগ্নিসংযোগ #অপরাধ #আওয়ামী লীগ #ফেনী #রহিম উল্লাহ #সোনাগাজী