বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি শক্তি সঞ্চয় করছে। অনুকূল পরিবেশ পেলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
সোমবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ সময়: ২২:২৩:২৪ ৩০ বার পঠিত #আবহাওয়া #আবহাওয়া অধিদপ্তর #ঘূর্ণিঝড় #নিম্নচাপ #সতর্কসংকেত