
গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এস.পি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বলে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুর রহমান নিশ্চিত করেছেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন। ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা প্রত্যুষ কুমার মজুমদার এর আগে ফেনী, ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করেছেন। গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয় এবং বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়। গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই প্রশাসনিক রদবদল সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪২:৫৫ ১৮ বার পঠিত #আইনশৃঙ্খলা #গোপালগঞ্জ #পুলিশ সুপার #প্রত্যুষ কুমার মজুমদার #প্রশাসনিক রদবদল