তিন দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভা থেকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
পরিবহন নেতারা জানান, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ এই কর্মবিরতির ডাক দিয়েছে। তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বরের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
- কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
- অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের নির্ধারিত পার্কিং নিশ্চিত করাসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার।
- সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।
সভায় অভিযোগ করা হয়, কদমতলীর ঘটনায় দায়ের করা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৪:১৫ ১৮ বার পঠিত #পরিবহন ধর্মঘট #শ্রমিক আন্দোলন #সিলেট #সড়ক পরিবহন