ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গতকাল একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল প্রশাসন। অভিযুক্ত দুজনকেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। গতকাল বরখাস্ত হওয়া কর্মচারী হলেন এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
মঙ্গলবার বেলা ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কারচালক গুরুতর আহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও ক্যাম্পাসের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৪:৪০:২৪ ৯ বার পঠিত #ককটেল বিস্ফোরণ #ঢাকা বিশ্ববিদ্যালয় #নিপু ইসলাম তন্বী #নিরাপত্তা #বরখাস্ত #মোহাম্মদ আমানুল্লাহ #শাহবাগ থানা