বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ড আবেদনে রেজওয়ানকে নিষিদ্ধ সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল আলম টুটুল আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। মামলার এজাহারে বলা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজওয়ান স্বীকার করেন যে, তিনি এজাহারনামীয় ও অজ্ঞাত ২৫-৩০ জন সহযোগীর সঙ্গে মিলে দেশ ও সম্পত্তি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত রেজওয়ানকে সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইমরান হোসাইন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩২:৫১   ১০ বার পঠিত   #  #  #  #  #  #