বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (১ নভেম্বর)। বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করাবেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করে আলোচনায় আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতিও ছিলেন তিনি। তবে বর্তমানে সংগঠনটির কোনো কমিটিতে তার পদ নেই।
এদিকে, সাম্প্রতিক সময়ে পিএসসির দুই সদস্য পদত্যাগ করেছেন। গত ১৫ অক্টোবর সাবেক সচিব মো. মহিউদ্দিন এবং ১৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এই দুই সদস্যের পদত্যাগের পর ২০ সদস্যের পিএসসিতে সদস্যসংখ্যা কমে দাঁড়ায় ১৮ জনে। অধ্যাপক শামীমা সুলতানার নিয়োগের ফলে বর্তমানে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
বাংলাদেশ সময়: ২২:২১:৫৫ ২২ বার পঠিত #অধ্যাপক #কাল #নতুন #পিএসসির #শপথ #শামীমা #সদস্য #সুলতানার