যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি হেফাজতে নেয়। নিহতদের বয়স আনুমানিক ৫০ বছর। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা এবং নারীর পরনে ম্যাক্সি ছিল। স্থানীয়রা নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ৭:১৮:৫৭ ২২ বার পঠিত #অপরাধ #কেশবপুর #পুলিশ #যশোর #লাশ উদ্ধার