বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন ও নির্ভরতা বাড়াতে কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবিপিএলসি) ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং’ প্রকল্পের আওতায় নির্মিত এই অবকাঠামোর উদ্বোধন করা হয়।
কর্তৃপক্ষের আশা, এর ফলে অঞ্চলটিতে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার নিরসন হবে এবং বিদ্যুৎ সরবরাহের মান বৃদ্ধি পাবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, নতুন এই অবকাঠামো চালুর ফলে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল এবং নেত্রকোনার একাংশে ভোল্টেজ ১০২-১০৫ কেভি থেকে বেড়ে ১২০-১২১ কেভিতে উন্নীত হয়েছে।
পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী, নতুন সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালুর ফলে সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা কমেছে এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বেড়েছে। এতে লোডশেডিং কমার পাশাপাশি সিস্টেম লস বছরে প্রায় ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ কমানোর সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো শক্তিশালী হওয়ায় ময়মনসিংহ অঞ্চলে শিল্পকারখানা, অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাকশিল্প ও চালকলসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এছাড়া এটি জাতীয় গ্রিডের স্থিতিশীলতা ও পরিচালনগত নির্ভরযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখবে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের জন্য নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ২২:২৬:৫৩ ১৭ বার পঠিত #উন্নয়ন #পাওয়ার গ্রিড #বিদ্যুৎ #ময়মনসিংহ #লোডশেডিং #সঞ্চালন লাইন