রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) আয়োজন করে এক বর্ণিল হেমন্ত সন্ধ্যা। ঋতুশ্রী হেমন্তের হিমেল হাওয়া ও নবান্নের আনন্দকে বরণ করে নিতে আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা ও ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহার ছিল।
গান, কবিতা আর ঐতিহ্যবাহী পিঠা-পুলির সুবাসে আয়োজনটি রূপ নিয়েছিল এক টুকরো গ্রামীণ উৎসবে।
সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে পরমাণু শক্তি কমিশনের সাবেক সদস্য ড. মোহাম্মদ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নজরুল ইসলাম, জয়পুর হোমসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এফসিজিএ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী দিঠি আনোয়ারসহ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া আবৃত্তি শিল্পী সীমা ইসলাম, জুনান নাশিত ও দুলাল চৌধুরীর কণ্ঠে কবিতা এবং সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় কুমিল্লার ঐতিহ্যবাহী গান অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে ভাপা ও চিতইসহ হরেক রকমের পিঠা-পুলির স্বাদ নেন সাংবাদিক ও তাদের পরিবার-পরিজন। আয়োজকরা জানান, যান্ত্রিক জীবনে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৪ ৮ বার পঠিত #কুমিল্লা সাংবাদিক ফোরাম #ঢাকা #সাংস্কৃতিক অনুষ্ঠান #সিজেএফডি #হেমন্ত সন্ধ্যা