শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সুন্দরবন নিয়ে গবেষণা সুন্দরবনে নতুন ৭ প্রজাতির মাছ ও চিংড়ি শনাক্ত

প্রথম পাতা » জাতীয় » সুন্দরবন নিয়ে গবেষণা সুন্দরবনে নতুন ৭ প্রজাতির মাছ ও চিংড়ি শনাক্ত
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



সুন্দরবনের জলজ সম্পদ নিয়ে গবেষণায় নতুন সাত প্রজাতির মাছ ও চিংড়ির উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা। সরকারের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ও আরণ্যক ফাউন্ডেশন এই গবেষণা পরিচালনা করেছে। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১৬ মাস ধরে চলা এই গবেষণায় ডিএনএ বারকোডিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

গবেষক দলের প্রধান এম এনামুল হক জানান, ডিএনএ বারকোডিংকে অনেকটা জীবের আঙুলের ছাপের সঙ্গে তুলনা করা যায়। এর মাধ্যমে বাহ্যিক চেহারা বা নামে মিল থাকলেও জিনগতভাবে আলাদা প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে।

শনাক্ত হওয়া মাছের পাঁচটি প্রজাতি হলো বড় আঁইশ পারশে, ফোঁটা বাটা, বার্মিজ এক ঠুঁইটা, কুলি বেলে ও সবুজ ফোঁটা বেলে। এছাড়া দুটি চিংড়ি প্রজাতি হলো মাকড়সা চিংড়ি ও ফোঁটা চিংড়ি। গবেষকেরা জানিয়েছেন, এই প্রজাতিগুলো সুন্দরবনে আগে থেকেই ছিল, তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এবারই প্রথম নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। গবেষণায় সুন্দরবনের ৬৫টি নদী ও খাল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমান গবেষণার পর সুন্দরবনে মোট ৩৮২ প্রজাতির মাছের উপস্থিতির রেকর্ড নথিবদ্ধ হয়েছে। এর পাশাপাশি ৮৮ প্রজাতির শেলফিশের উপস্থিতিও রয়েছে। সুন্দরবন সুরক্ষা প্রকল্পের পরিচালক ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানিয়েছেন, গবেষণার সুপারিশের ভিত্তিতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২১:০৭:৪১   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #