ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম হেরোইনসহ মো. গোলাম রসুল (৪৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকার জাবেদ মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর তেররশিয়া গ্রামের বাসিন্দা গোলাম রসুল দীর্ঘদিন ধরে ধামরাই পৌর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ধামরাই ও এর আশেপাশে সরবরাহ করতেন। ওসি সাইদুল ইসলাম বলেন, ধামরাই অঞ্চলকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১১:১৫:৫৫ ২০ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #ডিবি #ধামরাই #মাদক #হেরোইন