যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত সমু চৌধুরীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
সমু চৌধুরী জানান, বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।
বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো।
ঘটনার পর সমু চৌধুরী বাদী হয়ে দুজনকে আসামি করে যশোরের কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্যারেজমালিক হৃদয়ের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং সমু চৌধুরী গালিগালাজ করায় জাহাঙ্গীর তাঁর ওপর হামলা চালিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ৭:৩২:০৯ ১০ বার পঠিত #কোতোয়ালি থানা #গ্রেপ্তার #যশোর #সমু চৌধুরী #হামলা