রাজধানীর মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্য ধারণের সময় চিত্রগ্রাহক (ডিওপি) ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ সরাসরি তাঁর মুখের ওপর পড়ে যান। এতে অভিনেত্রী মারাত্মক আঘাত পান।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে প্রিয়ন্তী উর্বী লিখেছেন,
সোমবার শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর! আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে আমি হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। অসহ্য ব্যথাটা হয়েছিল!
দুর্ঘটনার পর তিনি হাসপাতালে গিয়ে এক্স-রে করিয়েছেন এবং বর্তমানে ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক সেবন করছেন। উর্বী জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং এতে কারও কোনো দোষ নেই। তিনি আরও বলেন, তাঁর নাক ভাঙেনি তবে আঘাতের কারণে অনেক ফুলে গেছে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১:০৫:৩০ ২০ বার পঠিত #অভিনেত্রী #দুর্ঘটনা #প্রিয়ন্তী উর্বী #বিনোদন #শুটিং