চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তাঁকে বের করে নিয়ে আসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, উপাচার্য আর কখনো ক্যাম্পাসে আসবেন না—এই শর্তে তাঁকে যেতে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানিয়েছেন, উপাচার্যের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে তাঁকে উদ্ধার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।
বাংলাদেশ সময়: ২০:২৭:৩৪ ১৭ বার পঠিত #আন্দোলন #উদ্ধার #উপাচার্য #চট্টগ্রাম #চুয়েট #বিশ্ববিদ্যালয়ে