বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আজিম আহম্মেদ এ আবেদন করেছিলেন। আসামি মঈনউদ্দিন আহাম্মেদ বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোল চত্বর অতিক্রম করার সময় ফিরোজ তালুকদার পলাশ গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে তিনি মারা যান। নিহত পলাশ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী ওই বছরের ২৫ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মঈনউদ্দিন আহাম্মেদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৯:০৫:১৬ ৬ বার পঠিত #আদালত #আবুল হাসনাত আবদুল্লাহ #গ্রেপ্তার #জুলাই হত্যা মামলা #মঈনউদ্দিন আহাম্মেদ #মিরপুর মডেল থানা