প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, গিয়াস উদ্দিন রিমনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এর আগে যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে ক্রিমিনাল জাস্টিস পলিসি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০১৩ সালে যুক্তরাজ্যের দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৩ ৬ বার পঠিত #জনপ্রশাসন মন্ত্রণালয় #নিয়োগ #প্রধানমন্ত্রীর কার্যালয় #বাংলাদেশ সরকার #ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন