
টাঙ্গাইলের সখীপুরে সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে আসা বৃদ্ধ দম্পতি আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম নিজেদের বাড়িতে ফিরেছেন। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মধ্যস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা বাড়িতে ফেরেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে অবস্থিত ওই বাড়িতে মন্ত্রী উপস্থিত হয়ে দম্পতির সঙ্গে কথা বলেন এবং লন্ডনপ্রবাসী ছেলে চিকিৎসক শাহ জালালের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। মন্ত্রী জানান, বাবা-মায়ের ভরণপোষণের জন্য ছেলে প্রতি মাসে এক লাখ টাকা করে পাঠাবেন। বৃহস্পতিবারই দম্পতির হাতে ছেলের পাঠানো এক লাখ টাকা তুলে দেওয়া হয়। দুই সপ্তাহ আগে এই দম্পতি বাড়ি ছেড়ে মির্জাপুরের গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, মন্ত্রীর পরামর্শে দম্পতিকে সম্মানের সঙ্গে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। সম্পত্তি লিখে নেওয়ার পর দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল ছেলে শাহ জালালের বিরুদ্ধে। তবে শাহ জালাল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বাবা-মায়ের সম্মতিতেই ইসলামি আইন অনুযায়ী সম্পত্তি বণ্টন করা হয়েছে। এ নিয়ে করা মামলা আদালতে বিচারাধীন। আনোয়ারা বেগমের অভিযোগ, তাঁকে ও তাঁর স্বামীকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং তিনি দলিল বাতিলের জন্য আদালতে মামলা করেছেন। এছাড়া মারধরের অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। দলিল নিবন্ধনের সময় কোনো জোরজবরদস্তি হয়নি বলে দাবি করেছেন সখীপুর উপজেলা সাবরেজিস্ট্রার মাহমুদা আক্তার।
বাংলাদেশ সময়: ১৬:৫২:৩৩ ৬ বার পঠিত #টাঙ্গাইল #পারিবারিক বিরোধ #প্রবীণ #সখীপুর #সম্পত্তি বিরোধ