বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
- প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
- বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়ন করা হবে।
- পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের ঋণের সুদের হার হবে ২ শতাংশ এবং ১৬ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চ পর্যন্ত সময়ে বাস্তবায়নের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। সৌরবিদ্যুৎ কেন্দ্রটি রামপালের ব্লক-বি এলাকায় বিপিডিবির নিজস্ব ৯১৮ দশমিক ৫০ একর জমিতে নির্মাণ করা হবে। বিপিডিবি’র নিজস্ব জমি ব্যবহার করায় নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন নেই। উৎপাদিত বিদ্যুৎ রামপালের নিকটবর্তী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান সঞ্চালন অবকাঠামোর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং কার্বন নিঃসরণ কমানো এই প্রকল্পের লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৫:১১:০৯ ১৮ বার পঠিত #একনেক #নবায়নযোগ্য জ্বালানি #বিদ্যুৎ বিভাগ #বিপিডিবি #রামপাল #সৌরবিদ্যুৎ