লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে আইনজীবীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর রামগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার অনুষ্ঠানে এমপি মন্তব্য করেন যে, আইনজীবীরা রাতে দোয়া করেন যাতে পরদিন মাদকসেবীদের জামিন করিয়ে টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন। নোটিশদাতার দাবি, এই বক্তব্য ভিত্তিহীন, কুরুচিপূর্ণ এবং সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থি। এছাড়া এটি দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের শামিল। নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, এমপি শাহাদাত হোসেন সেলিম দাবি করেছেন, তিনি ঢালাওভাবে আইনজীবীদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি। তার ভাষ্য, তিনি কেবল মাদক ব্যবসায়ীদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের উদ্দেশ্য করে কথা বলেছেন এবং নোটিশটি উদ্দেশ্যপ্রণোদিত।
বাংলাদেশ সময়: ২২:২১:২২ ৭ বার পঠিত #আইনজীবী #আদালত সংবাদ #মানহানি #লক্ষ্মীপুর #লিগ্যাল নোটিশ #শাহাদাত হোসেন সেলিম