মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট জেলেদের কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে এবং তাদের জেলে কার্ড বাতিল করা হবে।
আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সভায় জানানো হয়, নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করবে। নিষেধাজ্ঞার সময় নদীতে কোনো ধরনের ড্রেজার মেশিন চলতে দেওয়া হবে না এবং বরফকলগুলো বন্ধ রাখা হবে। এছাড়া, নিষেধাজ্ঞার সময় নদীতে না নামা এবং মা ইলিশ শিকার থেকে বিরত থাকা ৪১ হাজার ৩৯০ জন জেলেকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি জেলেরা যাতে ঋণের কিস্তি পরিশোধের চাপে না পড়েন, সেই ব্যবস্থাও নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১:০৫:০৯ ৪ বার পঠিত #ইলিশ সংরক্ষণ #চাঁদপুর #জেলে #নিষেধাজ্ঞা #মা ইলিশ #মৎস্য অধিদপ্তর