ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং পরাশক্তি হয়ে ওঠার সম্ভাবনাকে যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। এনডিটিভি ডিফেন্স সামিটে তিনি দাবি করেন, রাইসিনা সংলাপে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র ভারতকে চীনের মতো আরেকটি প্রতিযোগী হিসেবে গড়ে উঠতে দেবে না। আলিপভ এই মন্তব্যকে ‘ফ্রয়েডিয়ান স্লিপ’ হিসেবে অভিহিত করেছেন।
ভারত যখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং শেষ পর্যন্ত একটি পরাশক্তি হয়ে উঠবে, যা অনিবার্য। তখন যুক্তরাষ্ট্র ভারতকে আটকে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করবে। আর তাই, আমরা গ্রাহাম অ্যাক্টকে সেভাবেই দেখছি।
রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ভারত নিজের অর্থনীতি ও জনগণের স্বার্থে প্রতিযোগিতামূলক মূল্যে রাশিয়ার তেল কিনছে। তিনি গ্রাহাম অ্যাক্টকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, এর মাধ্যমে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আলিপভ ভারত ও রাশিয়ার কয়েক দশক পুরোনো কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বিশ্বাস ও সম্মানই এই সম্পর্কের ভিত্তি। তিনি জানান, ব্রিকস শীর্ষ সম্মেলন প্রমাণ করেছে যে, ভারত ও রাশিয়ার মতো দেশগুলো বিশ্বব্যাপী বিষয়ে আরও জোরালো কণ্ঠস্বর প্রত্যাশা করে এবং আলোচনার জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম চায়।
বাংলাদেশ সময়: ১৪:১৩:১৬ ৬ বার পঠিত #কূটনীতি #গ্রাহাম অ্যাক্ট #ডেনিস আলিপভ #ব্রিকস #ভারত #যুক্তরাষ্ট্র #রাশিয়া