![]()
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজবাড়ী কাপড় বাজারের ‘আস্থা পোশাক শিল্পের ‘নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো, সদরের লক্ষীপুর ধুনচী এলাকার জলিল প্রামাণিকের ছেলে মো. হেলালউদ্দিন (৩৮), রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড ধুনচী এলাকার জমজম খানের ছেলে মো. আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও ৯নং ওয়ার্ড ২৮ কলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. নুরুল হোসেন (১৯)।
হামলা ও শ্লীলতাহানির ঘটনায় মঙ্গলবার (১সেপ্টেম্বর) উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জন এজাহারনামীয় সহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
সদর থানা পুলিশ মঙ্গলবার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, রাজবাড়ী কাপড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় ভিকটিম জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’ নামীয় প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট দুপুরে বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নেয়।
ফলে, এজাহারনামীয় বিবাদীরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ভিকটিম ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে শ্লীলতাহানি ঘটায়।
এই ঘটনায় প্রেক্ষিতে জাকিয়া সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করলে ৩ জনকে আজকে গ্রেফতার করা হয়, এবং অন্যান্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:২৭ ২৫ বার পঠিত