হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



---

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কার্যকর না থাকায় দীর্ঘ ১৯ বছর ধরে আটকে থাকা এ. কে. এম ফজলুল হক ও অন্যান্য বনাম বায়তুল আমান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. ও অন্যান্য মামলা আপিল নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ রায়ের ফলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুরূপ পুরনো মামলাগুলোর নিষ্পত্তির পথ উন্মুক্ত হলো। এতদিন আপিল ট্রাইব্যুনাল কার্যকর না থাকায় যারা বাধ্য হয়ে হাইকোর্টে এসেছিলেন, তারা এখন বিলম্ব মওকুফের আবেদনসহ সংশ্লিষ্ট জেলার ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আইনি প্রতিকার চাইতে পারবেন।

রায়ে আদালত বলেছেন, সাম্প্রতিক সময়ে আইন সংশোধন ও সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল’ কার্যকর হওয়ায় এখন সংশ্লিষ্ট আপিলকারীদের উপযুক্ত ফোরামেই যেতে হবে। একই সঙ্গে এতদিন উপযুক্ত আপিল ট্রাইব্যুনাল না থাকায় হাইকোর্টে রিট ফোরাসহ বিভিন্নভাবে আইনি প্রতিকার চাইতে গিয়ে যে সময়ক্ষেপণ হয়েছে, তা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে বিলম্ব মওকুফের আবেদন বিবেচনা করার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৮ আগস্ট বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এবং বিচারপতি উর্মী রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ প্রকাশিত হয়েছে। মামলার মূল রায়টি লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান।

রায়ের অনুলিপি প্রাপ্তির পর আপিলকারীরা যুক্তি সঙ্গত সময়ের মধ্যে আপিল দায়ের করলে সংশ্লিষ্ট জেলার ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে তাদের বিলম্ব মওকুফ আবেদন বিবেচনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দেশের জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য প্রায় প্রতিটি জেলায় রয়েছে ভূমি জরিপ ট্রাইব্যুনাল। এসব ট্রাইব্যুনালে হাজারো মামলা বিচারাধীন। স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট, ১৯৫০ এর ১৪৫বি ধারা অনুযায়ী ২০০৪ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই আইনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যেকোনো রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের কেবল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপিল করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আইন হলেও সরকার কোনো সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠা করেনি কিংবা কোনো বিচারককে দায়িত্ব প্রদান করেনি।

এরপর দীর্ঘ ১৯ বছর পর ২০২৩ সালের ১১ জুলাই জাতীয় সংসদে ‘স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৩’ পাস হয়। এর ধারাবাহিকতায় সরকার ২০২৩ সালের ২৩ আগস্ট গেজেট জারির মাধ্যমে প্রতিটি জেলার জেলা জজদের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের দায়িত্ব প্রদান করে বিচারিক ফোরাম কার্যকর করে।

মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, ২০০৬ সালে ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আরএস/বিএস খতিয়ান ও রেকর্ড সংশোধনের দাবিতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এ.কে.এম. ফজলুল হকসহ অন্যান্যরা বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিবাদী পক্ষ দেওয়ানি কার্যবিধির আদেশ-৭, রুল-১১ (Order-VII, Rule-11 of CPC) অনুযায়ী আবেদন প্রত্যাখ্যানের আবেদন জানায়। ট্রাইব্যুনাল বিবাদীর আবেদন বিবেচনায় নিয়ে ২০০৭ সালের ৩ জুলাই বাদীর আবেদন প্রত্যাখ্যান করে রায় ও ডিক্রি প্রদান করে।

এরপর আইন অনুযায়ী বাদী পক্ষের আবেদন করার একমাত্র ফোরাম হচ্ছে ‘ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল’। কিন্তু ‘ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল’ কার্যকর না থাকায় এ.কে.এম. ফজলুল হকসহ অন্যান্যরা আইনি প্রতিকারের জন্য বাধ্য হয়ে ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করেন। যা নিয়মানুযায়ী তামাদি মেয়াদের মধ্যেই নিবন্ধিত হয়েছিল। যদিও এভাবে হাইকোর্টে আপিল করাটা ছিল একটি ভুল প্রক্রিয়া।

তবে হাইকোর্ট বিভাগ আপিলটি শুনানি করার উদ্যোগ নেন। আদালতের শুনানিতে আপিলকারীদের আইনজীবী যুক্তি দেন যে, আপিলটি ভুল ফোরামে দায়ের করা হয়েছিল এবং বর্তমানে সঠিক ফোরাম কার্যকর হওয়ায় আপিলকারীদের উপযুক্ত ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ দিয়ে মামলাটি নিষ্পত্তি করা সমীচীন। এরপর হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেন।

হাইকোর্ট রায়ে উল্লেখ করেন, স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট এর ১৪৫বি ধারার আইনি কাঠামো অনুযায়ী হাইকোর্ট বিভাগ সরাসরি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের স্থলাভিষিক্ত হতে পারে না এবং সাধারণ দেওয়ানি এখতিয়ার অনুযায়ী এই আপিল গ্রহণ বা বিচার করার আইনি সুযোগ নেই। ফলে হাইকোর্টে এই আপিলটি আর শুনানিযোগ্য নয়। তবে ন্যায়বিচারের স্বার্থে নিম্নোক্ত আদেশ ও নির্দেশনা প্রদান করা হলো:

সংক্ষুব্ধ বাদী/আপিলকারীদের ঢাকার যথাযথ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে নতুন করে আপিল দায়েরের সুযোগ দেওয়া হলো। এই রায়ের অনুলিপি প্রাপ্তির পর আপিলকারীরা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আপিল দায়ের করলে ট্রাইব্যুনাল তাদের ‘বিলম্ব মওকুফ’ আবেদন বিবেচনা করবে একই সঙ্গে আপিল দায়েরের নির্ধারিত সময়ে কোনো আপিল ট্রাইব্যুনাল বিদ্যমান না থাকায় বাধ্য হয়ে আপিলকারীগণ ভুল ফোরামে (হাইকোর্ট বিভাগে) আবেদন জানিয়েছিলেন; ট্রাইব্যুনালকেও এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

অতএব আপিলটি নিষ্পত্তি করা হলো এবং নিম্ন আদালতের যাবতীয় নথি ও রায়ের অনুলিপি অবিলম্বে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেওয়া হলো।

রায় প্রদানকালে আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইফতেখার আহমেদ। বিবাদীপক্ষে কেউ উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১২:২৮:৫০   ১২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ