
খুলনা, গাইবান্ধা, পটুয়াখালী, নড়াইল এবং কক্সবাজারে পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু এবং শেরপুরে ধানক্ষেতে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।খুলনার রূপসা উপজেলায় হাসান ওরফে বিহারী হাসান (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হাসান পূর্ব রূপসার জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে। এ ঘটনায় রুবেল নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় রূপসা চৌরাস্তার মোড়ে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা করে। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
গাইবান্ধায় ঘুসিতে প্রাণ গেল রিকশাযাত্রীরগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় ঘুসিতে প্রাণ গেছে যাত্রীর। নিহত জহুরুল প্রধান (৪৫) গোবিন্দগঞ্জ পৌরশহরের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। এ ঘটনায় পুলিশ এরশাদ আলী নামের একজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জহুরুল প্রধান অটোরিকশা চড়ে কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড়ে পৌঁছানোর আগমুহূর্তে এরশাদের গায়ে ধাক্কা লাগে। এর জেরে এরশাদসহ আরও ২-৩ জন অটোরিকশাচালককে মারধর শুরু করেন। জহুরুল প্রধান বাধা দিলে এরশাদ তাঁর বুকে ঘুসি মারেন। এতে তিনি পড়ে গেলে আশপাশের মানুষ তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
পটুয়াখালীতে বাবাকে পিটিয়ে হত্যাপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। গতকাল শুক্রবার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম উত্তম দেবনাথ (৬০)। পুলিশ অভিযুক্ত তাপস দেবনাথকে আটক করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খেয়ে উত্তম ও ছেলে তাপস একই ঘরে ঘুমাতে যান। উত্তমের স্ত্রী কানন দেবনাথ আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। ভোরে তাপস ঘুম থেকে জেগে ঘরে থাকা শিল-পাটা দিয়ে বাবাকে পেটাতে শুরু করেন। তাঁর চিৎকারে কানন দেবনাথ ঘরে গিয়ে স্বামীর এ অবস্থা দেখে নিজেও চিৎকার শুরু করেন। পরে পাশের বাড়ির লোকজন গিয়ে উত্তম দেবনাথকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন।
নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যানড়াইলের পলইডাঙ্গা-মহারাগ গ্রামে ফুটবল খেলায় বিরোধের জেরে মোস্তফা কাজী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের পুত্রবধূ কাকলী খানমসহ পরিবারের সদস্যরা জানান, চার দিন আগে স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকেলে আলোচনায় বসার কথা ছিল। এ জন্য মোস্তফা কাজী পলইডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। মহারাগ এলাকায় পৌঁছালে ভদ্রবিলা গ্রামের লোকজন তাঁকে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
কালিয়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যানড়াইলের কালিয়া উপজেলায় যৌতুক না পেয়ে লাজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আব্দুর রহমানসহ পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।
চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনকক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণপাড়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে নুরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবদুর রহিম পলাতক রয়েছেন।
ভোলায় গৃহবধূর লাশ রেখে পালালেন স্বামীভোলার চরফ্যাসন উপজেলায় জরিনা বেগম (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জরিনা ওই গ্রামের সিরাজ পাটোয়ারীর মেয়ে এবং শরিফের স্ত্রী। স্বামীর পরিবারের দাবি, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। পুলিশের ভাষ্য, গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুর।
শেরপুরে ধানক্ষেতে অটোচালকের লাশশেরপুরে ধানক্ষেতে পুঁতে রাখা এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভাতশালা ইউনিয়নের পিটিআই-সংলগ্ন শাপমারি জোড়াপাম্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাজল মিয়া (৪০) রামকৃষ্ণপুর উত্তরপাড়ার মৃত কফিল উদ্দিনের ছেলে। তাঁর তিনটি সন্তান আছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন ব্যুরো, প্রতিনিধি এবং সংবাদদাতা)
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৯ ১৮ বার পঠিত