বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জীবননগরে পিংকি হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » জীবননগরে পিংকি হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ডুমুরিয়া গ্রামের ববিতা খাতুন পিংকি (২৭) হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক একমাত্র আসামি মো. রাজন (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জীবননগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার ডুমুরিয়া (দক্ষিণপাড়া) গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে ববিতা খাতুন পিংকিকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করতেন একই এলাকার মো. রাজন। এবছরের ১৮ এপ্রিল ভোররাত আনুমানিক ৪টার দিকে রাজন গোপনে পিংকির ঘরে প্রবেশ করে ধারালো দা দিয়ে তার তলপেটে গুরুতর আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা পিংকিকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তার মৃত্যুকালীন জবানবন্দি (ডাইং ডিক্লারেশন) রেকর্ড করেন। জবানবন্দিতে পিংকি হামলাকারী হিসেবে রাজনের নাম উল্লেখ করে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জীবননগর থানায় ১৯ এপ্রিলে ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) এবং জীবননগর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবির সাব-ইন্সপেক্টর জুম্মান খান, সহকারী সাব-ইন্সপেক্টর মো. রজিবুল হক, আরিফুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পবিত্র কুমার ও এএসআই আব্দুস সালাম অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি মো. রাজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২৩   ২৪ বার পঠিত